
নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ইতোমধ্যে পূজার কার্যক্রম শুরু হয়েছে। সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরও ভালোভাবে পূজা উদযাপন করতে পারবো। তবে কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্নভাবে সরকারকে বিব্রত করার জন্য নানা প্রকার অপকৌশল, অপতৎপরতা চালাচ্ছে। আমরা এ ব্যাপারে সজাগ আছি।
শনিবার, ১০ অক্টোবর বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। এটি শুধু টাঙ্গাইলে নয় সারা বাংলাদেশই। আমরা এটিকে জিরো টলারেন্স নিয়েছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই ‘কনর্সান’। সর্বোচ্চ চেষ্টা করছি মাদকের ব্যাপারে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় কীভাবে। যাতে করে এটা নিয়ন্ত্রণে আনা যায়।
তিনি আরও বলেন, শুধু টাঙ্গাইলে মাদক নিয়ে যে পরিমাণ মামলা হয়েছে, অন্য কোনো জেলায় এত মামলা হয়নি।
টাঙ্গাইল জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে মাসিক সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনর সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল, পুলিশ সুপার শামছুল আলম সরকার প্রমুখ।
এসময় জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
