বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন এফএনবি’র চেয়ার নির্বাচিত

অর্থনীতি টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান সংগঠন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন টানা তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত হওয়ায় এফএনবি’র টাঙ্গাইল জেলা কমিটি পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার, ২২ অগাস্ট বিকেলে শহরের ময়মনসিংহ রোডস্থ সেবা টাওয়ারের কনফারেন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটি।

 

সংবর্ধিত প্রধান অতিথি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় মানুষের সমস্যাও অনেক বেশি। ফলে এখনো অনেক মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যাদের মানুষের জন্য কাজ করার কমিটমেন্ট রয়েছে, তাঁরাই সমাজের কল্যাণে বেশি অবদান রাখতে পারেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষদেরই একটি অংশ।

জাকির হোসেন গরীব মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে উল্লেখ করে জানান, এ ক্ষেত্রে কল্যাণ করতে হলে যোগ্যতা, সততা ও নিষ্ঠাবান হতে হবে। তিনি শিক্ষা ও জলবায়ু স্বচ্ছলতাসহ দারিদ্র দূরীকরণ করতে সকলে একযোগে কাজ করার আহবান জানান।

এফএনবি যৌতুক বিরোধী, নারী নির্যাতন প্রতিরোধসহ মানুষের কল্যাণে কাজ করছে বলেও উল্লেখ করেন। সংবর্ধিত অতিথি জাকির হোসেন তাঁকে সম্মাননা প্রদান করায় এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এফএনবিকে সরকারের সঙ্গে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে কার্যকরভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস পালন, সরকারের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার আহবান জানানো হয়।

এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সোসিও ইকোনমিক (সেবা সংস্থার) নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু)।

অনুষ্ঠানে সম্মাননা পাঠ ও প্রদান করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মীর্জা সাকিফ হোসেন। এসময় বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন বুরো হেলথ্ কেয়ার ফাউন্ডেশন ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান রাহেলা জাকির। বক্তব্য রাখেন এসএসএস, টাঙ্গাইলের সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল, বিডিসি ব্র্যাক, টাঙ্গাইলের সরকার হাসান ওয়াইজ, বাওপার নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, যুগবানীর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার ও এফএনবি ঢাকার কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডলসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা প্রদান করেন এফএনবি’র জেলা কমিটির সভাপতি রিয়াজ আহমেদ লিটন। অনুষ্ঠানে এফএনবি টাঙ্গাইল জেলার অন্যান্য সদস্য, কর্মকর্তা ও সেবা’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *