
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সংবাদ সম্মেলনে দলের সমালোচনা করে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু বলেছেন, বিএনপি অতিতের ঐতিহ্য হারিয়েছে। ত্যাগী কেন্দ্রীয় অনেক নেতাই মৃত্যুবরণ করেছেন। যারা আছেন, তাদের মধ্যেও কেন্দ্রীয় কমিটি হ-য-ব-র-ল অবস্থা।
রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু লিখিত বক্তব্যে বলেন, জেলা কমিটি চলে ব্যক্তি বলয়ের মধ্যে। দলের স্বার্থে কেউ আর কাজ করেন না। সবাই ব্যক্তি স্বার্থে কাজ করেন। সারাদেশে ৭৪ টি সাংগঠনিক কমিটি থাকলেও সক্রিয়া আছে সর্বোচ্চ ২০টি। দলের জন্য যারা জেল জুলুম খেটেছেন, তাদের জন্য দল কিছু করেনি।
অপর দিকে পল্টন দলীয় কার্যালয় ও গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বারবার সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হওয়ারও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় যুবদল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শহর বিএনপির সভাপতি ও একাধিকবার জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বপালন করেছি। করোনাকালীন সময়ে কোভিড ১৯ সেলের আহবায়কের দায়িত্ব করেছি। ২০০১ সালে টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পরও তারেক রহমানের নির্দেশে তৎকালীন প্রার্থী সামছুল হকের পক্ষে কাজ করেছি। ২০১৮ সালের সংসদ নির্বাচনের মেজর জেনারেল মাহমুদুল হাসান ও আমি দলীয় মনোনয়ন পেয়েছিলাম। পরে দলীয় নির্দেশে আমার মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আগে দলের মধ্যে যে চেইন অব কমান্ড ছিলো, এখন সেটি আর নেই।
ছাইদুল হক ছাদু বলেন, টাঙ্গাইলে তিন চার জন দলীয় মন্ত্রী থাকলেও দলীয় কার্যালয় প্রতিষ্ঠিত হয়নি। জেলা কমিটি না থাকায় অনেক নেতাকর্মী পদহীন অবস্থায় রয়েছেন। বর্তমানে জেলা বিএনপির রাজনীতি নেই বললেই চলে। কেবলমাত্র কিছু লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে। গত প্রায় চার বছর আগে দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্যদিয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তবে তারা এখনো পর্যন্ত পুর্নাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
তিনি আরও বলেন, এ অবস্থায় দুই বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। প্রায় ছয় মাসের অধিক সময় সাধারণ সম্পাদক বহিষ্কার হয়েছেন। তাই বলা যায়, প্রায় চার বছর যাবত টাঙ্গাইল জেলা কমিটি নেই। এ অবস্থায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে দ্রুত নতুন কমিটি গঠন ও দলীয় কার্যালয় স্থাপনের দাবি জানান তিনি।
