
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ৩ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পাঁচবার প্রদক্ষিণ করে ম্যারাথন প্রতিযোগিতা শেষ করে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর আনিছুর রহমানকে সঙ্গে নিয়ে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
চব্বিশ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ৩ আগস্ট টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে। এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রায় ২০০ জন প্রতিযোগীর অংশগ্রহণে প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু হয়ে ৭ দশমিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রত্যয়-৭১-এর সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবিএম শহিদুল ইসলাম বলেন, এ ম্যারাথন আমাদের প্রতীকী। আমরা এভাবে দৌড়ে সামনের দিকে এগিয়ে যাবো৷ জুলাই বিপ্লবের স্পিড নিয়ে সবাই এ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে কাজ করবো।
