
মির্জাপুর প্রতিনিধি: ২০২৬ সালের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ আরও একবার শিক্ষা ও সাফল্যের অনন্য উচ্চতায় সাফল্য ধরে রেখেছে। প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ৬০তম ব্যাচের ক্যাডেটরা অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সাফল্যের এক দীপ্তময় অধ্যায় সূচনা করেছে।
সোমবার, ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। এই ফলাফলে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০২৬ সালের বিজ্ঞান বিভাগ থেকে ৬০তম ব্যাচে ৫১ জন এস এস সি পরীক্ষায় মোট ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ক্যাডেট জিপিএ-৫ পায়।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত দেশকে দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বদানের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মহান উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্যাডেট কলেজটি একের পর এক সফলতার অধ্যায় রচনা করে চলেছে। সুশৃঙ্খল পরিবেশ, একাগ্রতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রতি বছরই জাতীয় পর্যায়েও দারুণভাবে সাফল্য অর্জন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ বলেন, এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে ক্যাডেটদের একাগ্র অধ্যবসায় ও নিষ্ঠা। কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকগণের প্রেরণা ও সহযোগিতা। সর্বোপরি মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য সম্ভব হয়েছে।
তিনি এই কৃতিত্বের জন্য সংশ্লিষ্ট সব ক্যাডেট, শিক্ষক ও অভিভাবককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জনের ধারাবাহিকতা ভবিষ্যতেও ইনশা আল্লাহ অব্যাহত থাকবে।
