মির্জাপুরে পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক: স্বাস্থ্যসেবা ব্যহত

পরিবেশ প্রতিষ্ঠান মির্জাপুর স্বাস্থ্য

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার কুমারজানী কমিউনিটি ক্লিনিকটি এলাকাবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভবতী নারীর স্বাস্থ্য সুরক্ষার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হলেও নিচু স্থানে স্থাপিত হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়।

 

ফলে মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এই ক্লিনিকটি অল্প বৃষ্টি হলে চারপাশে এত পানি জমে যায়, যে সেখানে ঢোকার মতো অবস্থাই আর থাকে না। তালাবদ্ধ থাকে দরিদ্র বান্ধব এই সেবা প্রতিষ্ঠানটি। দরিদ্র মানুষজন বিনামূল্যে কিছু ওষুধও পেত এখান থেকে। তাই তাদের অর্থের পাশাপাশি সাশ্রয় হতো সময়ের। অথচ গত কয়েক মাস ধরে কমিউনিটি ক্লিনিকটি নিজেই দুর্দশাগ্রস্ত।

 

স্থানীয়দের অভিযোগ, বছরের প্রায় অর্ধেক সময় এটি জলাবদ্ধতার কবলে থাকে। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় জলাবদ্ধতা স্থায়ী হয়। এতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের স্বাভাবিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয়রা দ্রুত ক্লিনিকটির চারপাশ ভরাট করে উঁচু করা, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা অথবা প্রয়োজন হলে অপেক্ষাকৃত উঁচু স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, কুমারজানী কমিউনিটি ক্লিনিকসহ ৪/৫টি ক্লিনিক নিচু স্থানে রয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *