
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় শিশুদের নকল প্রসাধনী ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার, ৩০ জুলাই দুপুরে মির্জাপুরের জামুর্কী ও ভাবখন্ড বাজারে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান সূত্রে জানা যায়, জামুর্কী বাজারের ‘মহন্ত স্টোর’ থেকে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ শিশুদের প্রসাধনী জব্দ করা হয়। এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সিলগালা করে দেওয়া হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে ল্যাব পরিচালনার দায়ে একই বাজারের ‘মির্জাপুর পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ‘জামুর্কী লাইফ অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জামুর্কী বাজারের একটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা এবং ভাবখন্ড বাজারের অপর একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল শিশুদের প্রসাধনী জব্দ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
