
মধুপুর প্রতিনিধি: মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হন।
বৃহস্পতিবার, ৩০ জুলাই রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস মাদারগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৩ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী বলেন, খবর পেয়ে নিহতদের উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের ভাষ্য, আহত অবস্থায় ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
