মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

অপরাধ মধুপুর মানববন্ধন মিডিয়া

মধুপুর প্রতিনিধি: মধুপুরে কেনা সাড়ে তিন শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ করেছেন শিরিনা জেসমিন নামে এক নারী। জমিতে ছাপড়া ঘর নির্মাণ, পরিবারের সদস্যদের হুমকি এবং চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার চেয়েছেন তিনি।

 

বুধবার, ১১ নভেম্বর দুপুরে মধুপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন শিরিনা জেসমিন। পরে একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।

লিখিত বক্তব্যে শিরিনা জেসমিন জানান, তিনি মধুপুর উপজেলার টেংরী গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে। ২০১৩ সালে একই গ্রামের আজাহার আলীর কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি কেনেন তিনি। তাঁর দাবি, জমিটি টেংরী মৌজার আরএস খতিয়ান নম্বর ৪২ ও ৪৬৮, ডিপি নম্বর ১০৭, নামজারি খতিয়ান নম্বর ৪৩৩ এবং আরএস দাগ নম্বর ১৭৫-এর অন্তর্ভুক্ত ১৮ শতাংশ জমির অংশ। জমি কেনার পর নিয়ম অনুযায়ী নামজারি সম্পন্ন করে দীর্ঘদিন ধরে তিনি সেটি ভোগদখল করছেন।

তাঁর অভিযোগ, বর্তমানে আলী আকবর, আজাহার আলীর মেয়ে কল্পনা, তাঁর ছেলের স্ত্রী ফাতেমা বেগমসহ কয়েকজন ওই জমিতে জোর করে ছাপড়া ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। নির্মিত ঘর সরিয়ে নিতে বললে তাঁকে ও পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় আলী আকবরের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিরিনা জেসমিন আরও দাবি করেন, আলী আকবরের বক্তব্য অনুযায়ী, তাঁর স্ত্রী সেলিনা আক্তার ২০২৬ সালে আজাহার আলীর ছেলে আনোয়ার হোসেনের কাছ থেকে প্রায় পৌনে তিন শতাংশ জমি কিনেছেন। অথচ তিনি ২০১৩ সালে জমির মূল মালিক আজাহার আলীর কাছ থেকেই জমিটি কিনেছিলেন। আজাহার আলী জীবিত থাকতেই তাঁকে জমিটি দলিল করে দেন। এমন পরিস্থিতিতে একই জমি পরবর্তী সময়ে অন্যের কাছে বিক্রির দাবি কীভাবে করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আলী আকবর ও তাঁর লোকজন তাঁদের কেনা এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা করছেন। এতে তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি এলাকায় সামাজিক বিরোধ ও অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে শিরিনা জেসমিন বলেন, তাঁরা শান্তিপ্রিয় মানুষ এবং কোনো ধরনের সংঘাত চান না। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট দলিলপত্র, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করা, হুমকি ও হয়রানি বন্ধ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে এলাকার জুলহাস উদ্দিন, মোশাররফ হোসেন মুছা, রমজান আলী, মনোয়ার হোসেন, ডা. মজিবর রহমান, জাহাঙ্গীর হোসেন তাং, তাজেল, জোয়াদ আলী, কাজল ড্রাইভার ও জাকির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত ব্যক্তিরা মধুপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ সময় তাঁরা জমির বিরোধ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *