
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বিসিক শিল্পনগরীতে খাদ্য উৎপাদন কারখানার জন্য বরাদ্দ নিয়ে গড়ে তোলা হয়েছে সিসা তৈরির কারখানা। মেসার্স ব্রাদার্স মেটাল নামের প্রতিষ্ঠানটিতে পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র ও নিরাপত্তাব্যবস্থা ছাড়াই চলা এ কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
টাঙ্গাইল বিসিক শিল্পনগরীর মেসার্স ব্রাদার্স মেটাল কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। কারখানার ভেতরে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ছাড়াই শ্রমিকদের কাজ করতে দেখা যায়। সেখানে শিশু শ্রমিকের উপস্থিতির অভিযোগও রয়েছে। এ ছাড়া পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ও বর্জ্য শোধন ব্যবস্থা নেই। কারখানার চুল্লি থেকে নির্গত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, কারখানার বিষাক্ত ধোঁয়া ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে এলাকার পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। ড্রেনে জমে থাকা বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ছে। তাদের দাবি, আম, জাম ও কাঁঠালসহ বিভিন্ন গাছে ফল ধরছে না। পাশাপাশি ক্ষেতের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বিশেষ শর্তে খাদ্য উৎপাদন কারখানা স্থাপনের জন্য বরাদ্দ নেওয়া জায়গায় পরবর্তী সময়ে সেই শর্ত লঙ্ঘন করে সিসা উৎপাদন করা হচ্ছে। কারখানাটির পরিচালনার সঙ্গে প্রভাবশালী মহলের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তারা।
বিসিক শিল্পনগরী এলাকার তারুটিয়া গ্রামের কলেজ শিক্ষক এসএম খালিদ হোসেন বলেন, সিসা তৈরির কারখানাটি প্রকৃতি ও পরিবেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এলাকার মানুষ শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আগে এমন পরিস্থিতি ছিল না। আমরা চাই, দ্রুত এসব কারখানা বন্ধ করে দেওয়া হোক।
বিসিক শিল্পনগরীর পার্শ্ববর্তী পয়লা গ্রামের ইসমাইল হোসেন বলেন, ধোঁয়ার কারণে গাছে কোনো ফল ধরে না। জমির ফসলও নষ্ট হয়ে যায়। আমরা প্রতিবাদ করি, কিন্তু কোনো কাজ হয় না।
এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, খাদ্য উৎপাদনের ছাড়পত্র নিয়ে তারা অবৈধভাবে সিসা তৈরির কারখানা গড়ে তুলেছেন। পরিবেশ অধিদপ্তর দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।
