কন্যার জন্মদিনে আবেগঘন বার্তায় ভক্তদের মন ছুঁলেন আসিফ আকবর

কন্যার জন্মদিনে আবেগঘন বার্তায় ভক্তদের মন ছুঁলেন আসিফ আকবর

বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর শুধু সংগীতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব। কখনো প্রতিবাদ, কখনো ভালোবাসা—সব অনুভূতিই খোলামেলা ভাষায় ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আজ (৫ মে) মেয়ের জন্মদিনে সেই একই আবেগ ছুঁয়ে গেলো ভক্ত-অনুরাগীদের হৃদয়।

সকালে সামাজিক মাধ্যমে দুটি ছবি পোস্ট করে কন্যা আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিনে একটি আবেগময় স্ট্যাটাস দিয়েছেন আসিফ আকবর। এক ছবিতে ছোট্ট আইদাহকে দেখা গেছে হলুদ পোশাকে, মাথায় হলুদ রঙের বেন্ড পরে। আরেক ছবিতে বাবা আসিফের বুকে মাথা রেখে অপলক তাকিয়ে আছে মেয়েটি—আর বাবার কপালে ভালোবাসায় ভরা চুমু।

স্ট্যাটাসে আসিফ লিখেছেন,
“আজ আমাদের মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পার করে চার বছরে পা রাখল সে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট সে। হাসিখুশি হলেও জিদ্দি কিন্তু যথেষ্ট।”

ভবিষ্যতের স্বপ্ন প্রসঙ্গে এই সংগীতশিল্পী আরও লেখেন, “আমার খুব শখ, আইদাহ বড় হয়ে একদিন ফাইটার প্লেন চালাবে। সেই লক্ষ্য পূরণে বাবা হিসেবে যা যা করা দরকার, সবই করব ইনশাআল্লাহ। বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখতে চাই—বাকি আল্লাহর হাতে।”

মেয়ের জন্মদিনে তিনি ঢাকায় না থাকায় দুঃখ প্রকাশ করে জানান, “আমি এখন দক্ষিণ কোরিয়ায় কনসার্টে এসেছি। এখানকার শিশুদের সঙ্গেই সময় কাটাব, গান গাইব। তবে মেয়েকে খুব মিস করব। ও আমাকে সবসময় খোঁজে, বাসায় থাকলে পাশে ঘুরঘুর করে। সবার কাছে মেয়ের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আইদাহ মা’মনি, আনন্দে বাঁচো।”

সংগীতের যুবরাজের এই স্ট্যাটাসে ইতোমধ্যেই শত শত মন্তব্য ও শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *