মির্জাপুরে গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

অপরাধ আইন আদালত দুর্ঘটনা মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে কলেজছাত্র রবিউল হোসেন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার গেড়ামারা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার, ২২ নভেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলীর ছেলে রাহাত (২১) এবং একই গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে রাব্বি (২০)।

 

মামলার এজাহার ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে বন্ধুদের সঙ্গে বাউল গান শুনতে যান কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে কলেজছাত্র রবিউল হোসেন। সেখানে গান শোনার সময় স্থানীয় তরুণদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। একপর্যায়ে স্থানীয় তরুণরা সংঘবদ্ধ হয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং রবিউলের বন্ধু রাফিকে ধরে মারধর করে।

এ সময় আতঙ্কিত হয়ে রবিউল দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁর পিছু নেয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের দুই দিন পর শনিবার সন্ধ্যায় আড়াইপাড়া এলাকার একটি পুকুর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রবিউলের ভগ্নিপতি থানায় হত্যা মামলা করেন।

নিহতের ভগ্নিপতি ও মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, রবিউলের বন্ধুদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় রোববার ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রাহাত ও রাব্বিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *