মাভাবিপ্রবিতে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

উৎসব টাঙ্গাইল সদর দিবস প্রতিষ্ঠান শিক্ষা সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে “কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা” শীর্ষক এক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

বুধবার, ৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহতায়ালা পৃথিবীতে মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং এ মানব জাতির পথপ্রদর্শক হিসেবে তাদের মাঝে শ্রেষ্ঠ নবী হিসেবে হযরত মোহাম্মদ (সাঃ) কে পাঠিয়েছেন। তাই নবীর দেখানো পথে কারবালার চেতনা ধারণ করে ন্যায়, সত্য, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক শিক্ষা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেইন। তিনি বলেন, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়; এটি সত্য, ন্যায়, আত্মত্যাগ এবং মানবমুক্তির এক অনন্য শিক্ষা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি তরুণদের ইসলামের প্রকৃত শিক্ষা, সহনশীলতা ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন শায়খুল হাদিস, জামিয়া মাদানিয়া বারিধারার মাওলানা মুহাম্মদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ মো. ইমতিয়াজ। সেমিনারে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাভাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের সহকারী রেজিস্ট্রার এম. এ. আজাদ সোবহানী আল ভাসানী।

এ উপলক্ষে “কারবালা থেকে গাজা: জুলুমের বিরুদ্ধে আপসহীনতা” বিষয়ক ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, “কারবালা থেকে গাজা: ইতিহাস ও মূল্যবোধ” বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডিজিটাল কনটেন্ট প্রতিযোগিতা, শর্ট ভিডিও (রিল/শর্ট ফিল্ম), প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক ও ডকুমেন্টারি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *