সখীপুরে নিখোঁজের দুইদিন পর এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

অপরাধ আইন আদালত দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী।

 

পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ছেলে ঢাকায় চাকরি করায় পারভীন আক্তার নামের ওই নারী সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসায় একা বসবাস করতেন। গত সোমবার রাত সাড়ে ৯টায় পারভীন আক্তারের সঙ্গে মোবাইল ফোনে ছেলে সোহেল খান ফাহাদের সর্বশেষ কথা হয়। পরদিন মঙ্গলবার সকাল থেকে ফাহাদ একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি। বিষয়টি স্বজনদের জানালে তাঁরা গিয়ে বাসার দরজা খোলা অবস্থায় দেখতে পান। তাঁরা ঘরের অস্বাভাবিক অবস্থা দেখে আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজেও পারভীনকে না পেয়ে ফাহাদকে ফোনে বিষয়টি অবগত করেন।

 

গতকাল মঙ্গলবার সন্ধায় ফাহাদ ঢাকা থেকে ফিরে মায়ের নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সখীপুর থানায় অপহরণ মামলা করেন। এদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে আজ বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় পারভীনের মরদেহ পাওয়া যায়। সোহেল দাবি করেন, ‘আমার মাকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে ডোবায় ফেলে রেখে গেছে।’

‎নিহতের ছেলে মামলার বাদী সোহেল রানা ফাহাদ এই পরিকল্পিত হত্যাকাণ্ডের দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশীদ বলেন, ‘মরদেহ দেখে মনে হচ্ছে- ২৯ তারিখ রাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দায়ীদের সনাক্ত কারণের কাজ অব্যাহত আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *