
ঘাটাইল প্রতিনিধি: খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ। “মাদক মুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই” খেলবে যুবক, হাসবে দেশ— মাদকমুক্ত হোক বাংলাদেশ, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” – এই শ্লোগানকে সামনে রেখে ঘাটাইল উপজেলার ঘাটাইল পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
রবিবার, ৩১ মে বিকেলে ঘাটাইলের পশ্চিম পাড়া মাঠে অনুষ্ঠিত এ খেলায় ৩-২ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল। বিবাহিত ও অবিবাহিতদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট ফুটবল লড়াই মাঠ জুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ। খেলা দেখতে বিভিন্ন বয়সী দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময়ে শুরু হওয়া ম্যাচে উভয় দলই দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রদর্শন করে। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য। খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে বারবার উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা।
রোমাঞ্চকর এ ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা বলেন, খেলাধুলার পাশাপাশি পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন সময়োপযোগী এবং প্রশংসনীয়।
এসময় সাংবাদিক আব্দুল লতিফ, সামাজসেবক আব্দুল বাছেদ, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম খোকন, মোঃ লুৎফর রহমান, আনন্দ টিভি উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আবু শোয়েব ডন, ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ পশ্চিম পাড়া স্পোটিং ক্লাবের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আব্দুল লতিফ বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই খেলাধুলার আনন্দের সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা যুক্ত করতেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে পরিবেশ রক্ষায় প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যরা গাছের চারা হাতে নিয়ে বৃক্ষরোপণের অঙ্গীকার করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন খেলাধুলা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
