টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

অপরাধ কালিহাতী দুর্ঘটনা শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার, ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গ থেকে পুলিশ সদস্যরা মরদেহগুলো হস্তান্তর করেন। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে একজন করে রয়েছেন। হতাহতরা সবাই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গে বাড়িতে যাচ্ছিলেন।

 

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।

এর আগে ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর এলাকায় রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। আহত হন ১০জন। তারা চুল ও ভাঙা মোবাইল ফেরি করে কিনতেন।

এছাড়া, উক্ত ঘটনায় আহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার মজিবরের ছেলে বাবু (৩৫), একই উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), নাটোরের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন, নওগাঁর মান্দা উপজেলার সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), একই উপজেলার ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), শহিদুলের ছেলে সমেজ।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৯ জন ভর্তি হন। এদের মধ্যে ৫ জন ছুটি নিয়ে চলে যায়। এছাড়া মুমূর্ষু অবস্থায় ৪জন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে যমুনা সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‌নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকেচালক ও হেলপার পলাতক। একই সঙ্গে মামলার প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *