
নিজস্ব প্রতিবেদক: ‘টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম’সহ দেশের চারটি পণ্য সর্বশেষ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) বিষয়টি নিশ্চিত করেছে।
ডিপিডিটি কোনো পণ্যের জিআই স্বীকৃতি দেয়। নতুন জিআই স্বীকৃতি পাওয়া অন্য তিন পণ্য হলো কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল। এ নিয়ে ২০২৩ সালে ১০ পণ্য জিআই স্বীকৃতি পেল।
টাঙ্গাইলের চমচমের ভৌগোলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যে আবেদন করা হয়েছে, সেখানে এ মিষ্টির এমন জিবে জল আনা বর্ণনাটি ছিল এরকম- ‘গাঢ় বাদামি রঙের লম্বাটে আকৃতির এমন চমচমের বাইরের আকৃতি কিছুটা শক্ত হলেও ভেতরে রয়েছে ফাঁপা। আর ফাঁপার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা রসাল অংশে কামড় দিলেই বুঝতে পারা যায় এর আসল স্বাদ। বাইরে থেকে কেউ টাঙ্গাইলে এলে বা টাঙ্গাইল থেকে কোথাও গেলে এই চমচম সঙ্গী হবেই, এর কোনো বিকল্প নেই।’
ডিপিডিটির মহাপরিচালক মো. মুনিম হাসান বলেন, নতুন চার পণ্যের মাধ্যমে এখন দেশের ২১টি পণ্য জিআই স্বীকৃতি পেল। আরও অন্তত ১১টি পণ্য এখন আমাদের বিবেচনায় রয়েছে। সেগুলো নিয়েও কাজ চলছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, চমচমের জিআই সনদ পাওয়া আনন্দের খবর। এতে করে স্থানীয় ব্যবসার আরও পসার ঘটবে। দেশের সীমা ছাড়িয়ে এই স্বীকৃতি সারা বিশ্বে এখন ছড়িয়ে যাবে। চমচমের পাশাপাশি মধুপুরের আনারস এবং টাঙ্গাইলের তাঁতের শাড়িরও জিআই সনদ পাওয়ার আবেদন করেছেন বলেও জানান জেলা প্রশাসক।
