
মধুপুর প্রতিনিধি : মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।
তিনি বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) সেটি উদ্ধারের জন্য কূপে নামেন। পরে তাঁর কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। এরপর তাঁদেরও আর কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
