
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার, ১৯ জুন বিকেলে টাঙ্গাইল পৌরসভা ভিআইপি অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিবেশী দেশগুলো পরিকল্পিতভাবে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার চেষ্টা করছে। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে। তিনি বলেন, সবার সহযোগিতায় আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় উপদেষ্টা মো. হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় সমন্বয়কারী এস. এম. আমানউল্লাহ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. সোহেল আহমেদ। সভাপতিত্ব করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
