
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবার, ক্যানসার-কিডনি আক্রান্ত রোগী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সকল অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির বলেন, চিকিৎসাবঞ্চিত রোগী এবং অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদ নিয়মিত অনুদান দিয়ে আসছে। বিশেষ করে ক্যানসার ও কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তায় এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই সহায়তার পরিধি আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব।
অনুদানপ্রাপ্ত অসহায় ও দুস্থ ব্যক্তিরা জানান, এই আর্থিক সহায়তা পেয়ে তারা অত্যন্ত খুশি। দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। জেলা পরিষদের দেওয়া এই অনুদানের টাকা দিয়ে তারা প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন বলে আশা প্রকাশ করেন। এ জন্য তারা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
