এলেঙ্গায় ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

অপরাধ আইন আদালত কালিহাতী দুর্নীতি স্বাস্থ্য

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীর এলেঙ্গায় আড়তে অভিনব কায়দায় ভেজাল মসলা ও নিম্নমানের খেজুর নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে এলেঙ্গা পৌর এলাকার বাবুল মিয়ার কারখানায় মেয়াদোত্তীর্ণ রাঁধুনি মসলা ও মিষ্টি সজের সঙ্গে পাউডার মিশিয়ে নতুন করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই গুরুতর অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নিম্নমানের খেজুর বিভিন্ন আকর্ষণীয় নামে মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ খেজুর সংরক্ষণ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার দায়ে ‘নিউ সোনার গাঁ ফার্ম’ মালিককে ১ লাখ টাকা এবং ‘এলেঙ্গা ফ্রুটস’ মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, অসাধু ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। জব্দকৃত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং এ ধরনের প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চালানোকালে টাঙ্গাইল জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজিমুদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *