
কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা।
সোমবার, ৫ মে সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, ভোর ৪ টার দিকে মুন্না নামের এক যুবক তাদের খবর দেন রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় রায়হানের মরদেহ পড়ে থাকতে দেখেন।
রায়হানের স্ত্রী জানান, রবিবার রাতে আমার স্বামী রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে সেগুলো নিয়ে যায়। সে সময় তিনি মদপান অবস্থায় ছিলেন এবং তার সাথে আরও একজন লোক ছিল। তাকে চিনতে পারিনি।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহত রায়হানের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং বিক্রির সাথে জড়িত ছিল। এছাড়াও সে উপজেলার রামপুরের আলোচিত হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।
