আইপিএলে ব্যাটে ম্লান পন্ত কিপিং ছেড়ে নেতৃত্বে মন দেওয়ার পরামর্শ ফিঞ্চের

আইপিএলে ব্যাটে ম্লান পন্ত কিপিং ছেড়ে নেতৃত্বে মন দেওয়ার পরামর্শ ফিঞ্চের

খেলা

আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে একেবারে ফর্মহীন ঋষভ পন্ত। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক এখন পর্যন্ত দশ ইনিংসে করেছেন মাত্র ১২৮ রান, স্ট্রাইক রেট ৯৯.২২— যা তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

এই পরিস্থিতিতে পন্তকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মতে, অধিনায়কত্বে আরও মনোযোগী হওয়ার জন্য পন্তের উচিত উইকেটরক্ষণের দায়িত্ব নিকোলাস পুরানের হাতে তুলে দেওয়া।

জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেন, “অধিনায়ক ও উইকেটরক্ষকের দ্বৈত ভূমিকা পালন কঠিন, বিশেষ করে এখন স্টপ-ক্লক নিয়মের কারণে ওভারভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার সময় কমে গেছে। এই চাপ কমিয়ে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি করতে পন্তকে কিপিং ছাড়ার কথা ভাবা উচিত।”

তিনি বলেন, “পুরান প্রায়ই পন্ত ও বোলারদের মাঝে বার্তা পৌঁছে দেয়। কিন্তু এতে অনেক সময় সরাসরি যোগাযোগের ঘাটতি তৈরি হয়, যা মাঠের পরিকল্পনায় প্রভাব ফেলে। দেখা যায়, পরিকল্পনা অনুযায়ী কিছু না হলে পন্ত হতাশ হয়ে পড়ে।”

ফিঞ্চের মতে, পন্ত নিজেই বলতে পারেন— ‘পুরান, তুমি কিপিং করো। আমি অধিনায়ক হিসেবে মাঠের ভেতর থেকে ছন্দে ফিরতে চাই, বোলারদের সঙ্গে সরাসরি কথা বলেই সিদ্ধান্ত নিতে চাই।’ তিনি উদাহরণ দেন শ্রেয়াস আয়ার ও শুভমান গিলের, যারা কিপিং না করেও সফলভাবে মাঠে নেতৃত্ব দিচ্ছেন।

এখন প্লে-অফে উঠতে হলে লখনউ সুপার জায়ান্টসের সামনে জয়ের বিকল্প নেই। তাই সঠিক সিদ্ধান্ত ও পরিষ্কার নেতৃত্ব হতে পারে দলের টার্নঅ্যারাউন্ডের বড় অস্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *