ভূঞাপুরে বেকার তরুণরা বিদেশি ভাষা শিখছেন বিনা খরচে

অর্থনীতি প্রতিষ্ঠান ফিচার ভূঞাপুর লাইফ স্টাইল

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ভাষাগত দক্ষতা বাড়িয়ে দেশে বসেই অনলাইনে কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বিদেশি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের উদ্যোগে আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ পাচ্ছেন উপজেলার বেকার তরুণরা। বিনা খরচে এ প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা দেখছেন প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা।

 

জানা গেছে, ভূঞাপুর উপজেলা ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এখানে বেকারত্ব কমাতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন। ২০২৬-২৭ অর্থবছরের আওতায় গোবিন্দাসী ও ফলদা ইউনিয়নের বেকার তরুণদের জন্য চালু করা হয়েছে এ প্রশিক্ষণ কর্মসূচি। এতে আরবি, ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষা বিনা খরচে শেখার সুযোগ পাচ্ছেন তাঁরা।

প্রতি ব্যাচে ১৫ জন করে প্রশিক্ষণার্থীকে ভাষা শিক্ষা দেওয়া হচ্ছে। এক মাস মেয়াদি এ কোর্সে ভাষা শেখানোর পাশাপাশি ফ্রিল্যান্সিং, গ্রাহকসেবা এবং বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এসব দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ নিতে পারবেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া রাউৎবাড়ী গ্রামের মাহবুব হোসেন ও কষ্টাপাড়া গ্রামের হাফিজুর রহমান বলেন, তাঁরা প্রথমবারের মতো বিদেশি ভাষা শেখার প্রশিক্ষণ নিচ্ছেন। ভাষা না জেনে বিদেশে গেলে কর্মক্ষেত্রে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করতে নানা সমস্যার মুখে পড়তে হয়। বিনা খরচে ভাষা শেখার এ আয়োজন নিজেদের দক্ষ করে তোলার সুযোগ তৈরি করেছে। এর ফলে বিদেশে কর্মরত অবস্থায় স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে তাঁরা মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিদেশগামী তরুণদের কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মফস্বল পর্যায়ের তরুণরা যেন কোনো খরচ ছাড়াই বিদেশি ভাষা শেখার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *