
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে বিভিন্ন খাতে ব্যয়ের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের অতিরিক্ত আর্থিক চাপ সামলাতে হচ্ছে। বিশেষ করে যে সব পরিবারে একাধিক সন্তান পড়াশোনা করছে, তাদের জন্য এ অর্থের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ১৫৯ জন এবং অনিয়মিত ৮০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। অভিযোগ অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।
কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীর দাবি, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৩১৫ টাকা দেওয়ার কথা। সে হিসাবে বিজ্ঞান বিভাগের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩৬৫ টাকা এবং অন্য দুই বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩৮৫ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ দিতে হলে পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হয়।
এদিকে, গত বছরের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়েও কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক অসন্তোষ জানিয়ে বলেছেন, গত বছর জেলায় প্রতিষ্ঠানটির ফলাফল তুলনামূলকভাবে খারাপ ছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপের পরিবর্তে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠায় বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে করটিয়া আবেদা খানম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব বলেন, গভর্নিং বডি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারেই এ অর্থ আদায় করা হচ্ছে।
টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
