
তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বুধবার, ২১ অক্টোবর বিকেলে মধুপুর উপজেলার নেদুরবাজার ও মহিষমারা এলাকায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শুধু কৃষিপণ্যের উৎপাদন বাড়ালেই হবে না, ভোক্তারা যাতে নিরাপদ ও পুষ্টিকর ফল পান, তা নিশ্চিত করতে হবে। ফল চাষ, সংরক্ষণ ও পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর হরমোন ও রাসায়নিকের ব্যবহার পরিহার করে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করতে হবে। এ জন্য কৃষকদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, মধুপুর গড় কলা, আনারসসহ বিভিন্ন ফল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার উৎপাদিত আনারস দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্পেন, পর্তুগাল ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। রপ্তানির এ ধারা অব্যাহত রাখতে ফল উৎপাদন ও সংরক্ষণের প্রতিটি ধাপে স্বাস্থ্যসম্মত পদ্ধতি নিশ্চিত করতে হবে।
মধুপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বাণিজ্যিকভাবে আদা ও হলুদ চাষ সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার কথা জানান। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
কৃষক সমাবেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মসলার খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন ফসলের উৎপাদন কার্যক্রম ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
