টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইল সদর পরিবেশ রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহর জুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচ্ছন্ন টাঙ্গাইলের সভাপতি মাহামুদুল হক সানু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন।

অনুষ্ঠানে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, টাঙ্গাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *