কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার – প্রতিমন্ত্রী টুকু

খেলা টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কোনো অন্যায়কে সরকার ছাড় দেবে না। অন্যায়কারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার, ৩ অক্টোবর সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী টুকু আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সমাজ থেকে মাদক নির্মূলে সরকার নিরলসভাবে কাজ করছে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর জোর দেন তিনি।

 

রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, মাদকের বিষয়ে কোনো ধরনের সুপারিশ বা তদবির বরদাশত করা হবে না। একই সাথে পুলিশ বাহিনীর কেউ এতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

 

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন। কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন প্রতিমন্ত্রী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *