ভূঞাপুরে ওসির বিরুদ্ধে বালুর ট্রাক আটক করে ঘুস দাবির অভিযোগ

অপরাধ আইন আদালত দুর্নীতি পরিবেশ ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিমের বিরুদ্ধে বালুর ট্রাক আটক করে ঘুস চাওয়ার অভিযোগ উঠেছে। ঘুসের টাকা না পেয়ে উল্টো মামলা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ঘাটাইল উপজেলার বাসিন্দা ভুক্তভোগী রিপন খন্দকার জড়িতদের শাস্তির দাবি করেছেন।

 

ট্রাক মালিক রিপন খন্দকার বলেন, গত ৪ অক্টোবর রাতে ভূঞাপুর উপজেলার মাটিকাটা থেকে মোটাবালু কিনে ট্রাকে করে ঘাটাইলের একটি অফিসের ঘর নির্মাণ কাজের জন্য নিয়ে আসছিলেন। পথিমধ্যে ট্রাকটি ভূঞাপুর রেল ক্রসিংয়ের সামনে পৌঁছালে ওসিকে বহনকারী গাড়ি থেকে একজন নেমে এসে আমার ট্রাক চালককে বলেন ওসি সাহেব কথা বলবে। পরবর্তীতে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হয়। এসময় ট্রাকচালক বিষয়টি আমাকে অবগত করলে আমি থানায় গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করি।

তিনি আরও বলেন, বৈধভাবে ট্রাকে করে বালু আনার কথা বললে ওসি বলের ‘১০ চাকার গাড়িতে বালু উঠলে সেটি ভিটি বালু, তা ইলিগ্যাল।’ এক পর্যায়ে তিনি আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে করেন। টাকা না দিলে গাড়ি ছাড়বেন না বলেও জানান ওসি। পরে আমরা টাকা না দিয়েই চলে আসি৷ পরবর্তীতে জানতে পারি পরদিন বিকেলে ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ঘুষের টাকা না দেওয়ার কারণে মামলা দেওয়া হয়। মামলার ২৫ হাজার টাকা দেওয়ার পর থানা থেকে ট্রাকটি ছেড়ে দেয়৷ আমি এ ঘটনায় বিচারের দাবি করছি৷ দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত আমি।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম বলেন, রাতেই ওই ট্রাকের মালিক আমার কাছে এসেছিলেন। আমি মালিককে বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম। পরবর্তীতে তিনি আর কোনো কাগজপত্র নিয়ে আসেননি। পরে মামলা দেওয়া হয়। তিনি মামলার জরিমানার টাকা নিয়ে ট্রাকটি নিয়ে যান। আমি কোনো টাকা দাবি করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *