কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ: স্মারকলিপি প্রদান

অপরাধ কালিহাতী পরিবেশ মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ পানি নিষ্কাশনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। কালিহাতী উপজেলার রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

 

রবিবার, ৩০ আগস্ট কালিহাতী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালভার্টের মুখ অবমুক্ত, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও গণদাবি কর্মসূচি পালন করে এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে দড়িখশিল্লা সড়কের আশপাশের সাত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, রামপুর-গান্ধিনা সড়কের দড়িখশিল্লা গোরস্থানের সামনে থাকা কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করায় পানি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। ফলে বর্ষা মৌসুমে আশপাশের ফসলি জমিতে পানি জমে যায়। এতে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন এবং কয়েকটি গ্রামের মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্টের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। দ্রুত কালভার্টের মুখ অবমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ফসলি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *