টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অপরাধ আইন আদালত ঘাটাইল টাঙ্গাইল সদর দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ঘাটাইলের মাকড়াই গ্রামের মৃত কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের সঙ্গে আব্দুল গফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

২০২২ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় সেলিনা নিখোঁজ হন। পরদিন ২১ নভেম্বর বিকেলে মাকড়াই গ্রামের একটি জঙ্গলের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আব্দুল গফুর সেলিনার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান ২২ নভেম্বর ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আব্দুল গফুরকে গ্রেফতার করে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ৩১ ডিসেম্বর পুলিশ আদালতে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রোববার আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *