ভূঞাপুর-ঢাকা বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিক সংগঠন

অপরাধ টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান ভূঞাপুর সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। তারা জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করায় বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার, ১৮ আগস্ট সকাল থেকে ঢাকাগামী কোনো পরিবহন ভূঞাপুর থেকে ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বাস যাত্রীরা জানায়, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল না করায় ভোগান্তি হচ্ছে। মালামাল ও শিশুদের নিয়ে বেশি বেকায়দায় পড়েছে তারা। মালিক সমিতির দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি সমাধানের দাবি তাদের।

বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলেন, ভূঞাপুর বাসস্ট্যান্ডে ৫৮টি বাস রয়েছে। সেখান অর্ধেক বাস প্রতিদিন চলাচল করছে। এরমধ্যে জেলা বাস মালিক সমিতি আরও বাস এখানে চাপিয়ে দিয়েছে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রয়েছে। সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।

ভূঞাপুর বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার বলেন, আমাদের গাড়ি সিরিয়াল পাচ্ছে না। আমাদের গাড়ির সংখ্যা ৫৮টি। প্রতিদিন ৩১টি গাড়ি চলে। বাকি ২৭টি গাড়ি বসা থাকে। এ ক্ষেত্রে সকল মালিকদের দাবি আমাদের এখানে নতুন করে আর কোনো গাড়ি চলবে না। তারপরেও টাঙ্গাইল অফিস থেকে নতুন করে একটি গাড়ি দিয়ে আমাদের চিঠি দেয়। এর প্রতিবাদে আমরা সব বাস বন্ধ রেখেছি।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান বলেন, আমরা জেলা থেকে কোনো বাস বন্ধ করেনি। ভূঞাপুরের মালিকরা নিজেরাই বন্ধ করেছে। কী কারণে বন্ধ করেছে আমাদের বোধগম্য নয়। চালু করার বিষয় নিয়ে আমরা কথা বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *