ঘাটাইলে ১ বছরের ব্রিজের কাজ ৪ বছরেও শেষ না হওয়ায় ভোগান্তি!

অপরাধ ঘাটাইল দুর্ঘটনা দুর্নীতি পরিবেশ লাইফ স্টাইল

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার পলাতক থাকায় ৪ বছরেও কাজ শেষ হয়নি। বিগত ২০২১ সালের কাজটি শুরু হয়ে ২০২২ সালের (২০ মার্চ) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান সম্পূর্ন কাজ শেষ না করে অজ্ঞাত কারণে ব্রিজের কাজ ফেলে রেখে উধাও হয়ে যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৪০ গ্রামের ১২-১৪ হাজার মানুষ।

 

জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়। ব্রিজটি পুণনির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চারে বিগত ২০২১ সালের (২১ সেপ্টেম্বর) চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা চুক্তিমূল্যে ২০২২ সালের (২০ মার্চ) কাজ শেষ করার জন্য কার্যাদেশ পায়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় জনৈক সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মাণ কাজ শেষ না করে কাজ ফেলে ঠিকাদার উধাও হয়ে যায়।

 

এতে ভোগান্তিতে ধলাপাড়াসহ দেওপাড়া ইউনিয়নের সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদে আমজানী, আমজানি পশ্চিম পাড়া, তালতলা, দেওপাড়া,কালিয়ান, গান্দী, চাম্বলতলা, রহমত খার বাইদ, রানাদহ, চৈতার বাইদ, মলাজানী, যুগিয়াটেঙ্গর, কুমারপাড়া, গানজানা, মাকড়াই, মাকড়াই ভবানী, মালেংগা, চৌরাশা, কোচক্ষিরা, কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত, হরিণাচালা, কান্দুলিয়াপাড়া, করিমের পাড়া, কাকুরিয়া, কালু কাছড়া, খামার কাছড়া, দেলুটিয়া, ভাগলের পাড়া, ভাবনদত্ত, ঘোড়া মারা, বানীভাসাসহ ৪০ গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, বিগত ২০২১ সালে ঠিকাদার ব্রিজের কাজ শুরু করে। চার বছর পেরিয়ে গেলেও এ ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। তিনি সম্পুর্ন কাজ শেষ না করে ১ বছর কাজ ফেলে রেখে উধাও হয়ে যায়। বিগত ২০২৫ সালের (৯ এপ্রিল) অসমাপ্ত ব্রিজের পাশে প্রায় ৪০ গ্রামের ভুক্তভোগীরা দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করা দাবিতে মানববন্ধন করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়দের দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জড়িত থাকার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ওই সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিকশা চালক উজ্জল, শফিক, ভ্যান চালক তাওহিদুল, রাজ্জাক, মিনি ট্রাক চালক রশিদ, জহির উদ্দিন, ব্যাটারি চালিত অটোরিকশা চালক আসাদুল, সুজন, নওশাদসহ অনেকেই জানান, খাকুরিয়া ব্রিজটি ৪ বছর ধরে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। কোমলমতি শিক্ষার্থীসহ কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা সীমাহীন কষ্ট করে কলেজ, মাদ্রাসা, মক্তব ও বিদ্যালয়ে যাতায়াত করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি নির্মাণ কাজ শেষ করার দাবি জানান তারা।

এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, ঘাটাইল উপজেলার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন ৫২ মিটার খাকুরিয়া ব্রিজের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। শুধু রেলিং ও এপ্রোচ সড়কের কাজ বাকী আছে। অতিদ্রুত সময়ের মধ্যেই কাজটি শেষ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *