
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের উদ্যোগে ‘ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৭ আগস্ট টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার গোলাম নবী।
টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন জুয়েল, নজরুল গবেষক ও আইনজীবী আল রুহী, সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা, কবি বেগম রোকেয়া ইসলাম, শিক্ষক ও লেখক মাসুদা সুলতানা।
কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ইতিহাস-ঐতিহ্য ও সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সাহিত্যপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
