সখীপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে পথসভা অনুষ্ঠিত

প্রতিষ্ঠান রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। যদি আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনই চলতে থাকে, তাহলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?’

মঙ্গলবার, ৭ জুলাই বিকেলে সখীপুর পৌরসভার তালতলা চত্বরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের পিচের মাথা থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

 

নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সরকার সেই গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার, তরুণদের কর্মসংস্থান, বিদ্যুৎ-সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিশ্চিত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই পুলিশের সংস্কার হোক, প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হোক এবং মানুষ আদালতে ন্যায়বিচার পাক।’ তিনি আরও বলেন, ‘বিগত দিনে একটি দলের শাসনে বিরোধী মত দমন করা হয়েছে। আমরা আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। দেশ আবারও একদলীয় শাসনের পথে গেলে বর্তমান সরকারকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে।’

উপজেলা এনসিপির আহ্বায়ক ফরিদ শিকদার ওরফে জিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দলের উপজেলা সদস্যসচিব মাওলানা আনসার আলী প্রমুখ। পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *