
সখীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। ৫ বছরে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান।
সোমবার, ৬ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, আমি বলব না, ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তবে তিনি (প্রধানমন্ত্রী) যদি আরও কিছু সময় পান, সত্যিকারেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর সেজন্যে শিক্ষকদের ভূমিকা অনেক দরকার।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী দুপুরে ১০০ টাকার খাবার খান। ১০০ টাকায় সখীপুরেও খাবার পাওয়া যাবে না। আমরা সকলে ১০০ টাকার খাবার খাই দুপুরে। প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে আসেন। শুনেছেন? শুনেননি। আমরা মন্ত্রীরা প্রতিদিন পৌনে ৯টায় অফিসে যাই। আমার দপ্তরে কোনো দিন সাড়ে ৮টা বা পৌনে ৯টায় গেলেও দেখবেন আমি হাজির। অর্থাৎ পরিবর্তনটা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতার পরে যে ধস নেমেছে, সেই ধস থেকে আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে বের করে নিয়ে আসুন। আপনাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। আমাদের সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন, যদি কোনো ইউনিয়নের আয়তন বড় থাকে, দূর-দূরান্তে যেখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে নতুন করে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খানের সহধর্মিনী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খুরশিদ জাহান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু প্রমুখ বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সহসভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
