
মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার, ৪ জুলাই বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট চুক্তিমূল্য বা বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের সাধারণ মানুষের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার গ্রামীণ জনপদে নাগরিক সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক।
এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরান হোসেন, বিএনপি নেতা এম. রতন হায়দার, খুররম খান ইউসুফজী প্রিন্স, আনোয়ার হক লিলি, খন্দকার মোতালিব হোসেন, আব্দুল লতিফ পান্না, মেহেদী হাসান মিঞ্জু ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
