গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারকৃত শিক্ষক সাময়িক বরখাস্ত

অপরাধ আইন আদালত গোপালপুর দুর্ঘটনা শিক্ষা

গোপালপুর প্রতিনিধি: গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মোঃ রেজাউল করিম হান্নান নামের এক সহকারী শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত রবিবার, ৩ মে মোঃ রেজাউল করিম হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। ওই দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট-১-এর ৭৩(২) বিধি অনুযায়ী গ্রেপ্তারের তারিখ, ৩ মে থেকে তাঁকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

তবে অভিযুক্ত শিক্ষক মোঃ রেজাউল করিম হান্নান দাবি করেছেন, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আজ বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *