দেলদুয়ারে কবরস্থানের পাশে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

অপরাধ দুর্ঘটনা দেলদুয়ার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ার উপজেলায় অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার লাউহাটি ইউনিয়নের স্বল্পলারু গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের একটি কবরস্থানের পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ক্ষতচিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী দুপুরে নদীর পাড়ে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে দেলদুয়ার থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত যুবতীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে যুবতীর পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি। পিবিআই-সহ অন্যান্য বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *