নাগরপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ড্রেজার সরঞ্জাম ধ্বংস

অপরাধ আইন আদালত দুর্নীতি নাগরপুর পরিবেশ

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার, ২৭ এপ্রিল দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ এলাকায় ধলেশ্বরী নদীতে এই অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়।

 

দীর্ঘদিন ধরে একটি চক্র ধলেশ্বরী নদী ও পার্শ্ববর্তী ফসলি জমির কোল ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে স্থানীয় কৃষি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। স্থানীয় ভুক্তভোগী মানুষের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়। অভিযান চলাকালে নাগরপুর থানা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক বলেন, সরকারি বিধিমালা লঙ্ঘন করে এবং পরিবেশের ক্ষতি করে এমন কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। জনস্বার্থ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে নিয়মিত টহল ও স্থায়ী নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *