টাঙ্গাইলে মহাসড়কে বালুবোঝাই ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

অপরাধ কালিহাতী দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার, ১৮ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার চড়ভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আশরাফ আলী (৩২) এবং একই জেলার হাসমত আলী (৩০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাকের সামনের ডান চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় আব্দুল মোনেম লিমিটেডের দেওয়া সাব ঠিকাদারের কাজে মহাসড়কে নিয়োজিত শ্রমিকদের ওপর ট্রাকটি উঠে যায়। পরে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে যমুনা সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *