স্বৈরাচার পালালেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে- প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষি টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ সব কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

 

তিনি বলেন, স্বৈরাচারের ভূত কাদের ওপর আবার ফিরে আছর করছে, কারা আবার দেশের অরাজকতা তৈরি করতে চাচ্ছে- খেয়াল রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে। কাজেই আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। যাতে জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে দিয়ে আমরাই এ দেশ গড়ে তুলব।

 

মঙ্গলবার, ১৪ এপ্রিল বিকালে সন্তোষে মওলানা ভাসানীর মাজারের কবর জিয়ারত শেষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সব থেকে প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, তার প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।

এ সময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে সন্তোষের মওলানা ভাসানীর মাজারে তিনি কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন এবং গাছের চারা তুলে দেন। এরপর তিনি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান। সেখানে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে দুইদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *