টাঙ্গাইলে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা

অপরাধ অর্থনীতি টাঙ্গাইল সদর দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের একটি তেলের পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে স্টার নিউজের সাংবাদিক রাব্বি খান হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

 

বুধবার, ১৫ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং নামের একটি তেলের পাম্পে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী সাংবাদিক জানান, পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখে তিনি সেখানে যান। পরে তিনি দেখতে পান, নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা কর্মচারীদের জিজ্ঞাসা করলে তারা জানান, পাম্প মালিকের স্ত্রীর জন্য তেল দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কিছুক্ষণ পর একাধিক গ্রাহককে বোতলের মাধ্যমে তেল দিতে দেখে তিনি ভিডিও ধারণ শুরু করেন। এ সময় এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং হুমকি দিয়ে বলেন, ‘মোবাইল পাবি না, যা করার কর, কার কাছে বিচার দিবি দে গা।’ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে সেখানে হেনস্তা করা হয়।

এদিকে, লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকরা জানান, ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল বিক্রি করায় ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে বোতলে তেল বিক্রি বন্ধের দাবি জানান।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *