
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের জন্য বহুল প্রতীক্ষিত কৃষি কার্ড কর্মসূচির মডেল কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।
প্রথম পর্যায়ে ঘারিন্দা ইউনিয়নের মোট ১,৪৬০ জন কৃষকের মাঝে এই কৃষি কার্ড বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সহায়তা, ভর্তুকি, কৃষিঋণ, আধুনিক কৃষি পরামর্শ এবং কৃষি উপকরণ সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং তারা সরাসরি প্রাতিষ্ঠানিক সহায়তার আওতায় আসবে। একই সঙ্গে কৃষি খাতে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার হবে এবং প্রকৃত কৃষকদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে ৩নং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আরমিছ এই উদ্যোগকে কৃষকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দীন টুকুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এই কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। ঘারিন্দা ইউনিয়ন থেকে এই কর্মসূচির সূচনা দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে।
স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষি কার্ডের মাধ্যমে তারা সহজ শর্তে ঋণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ এবং সময়োপযোগী তথ্যসেবা পাবেন, যা তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে তা দেশের সার্বিক কৃষি উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয় কৃষকরা আশাবাদী।
