
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ছাত্রনেতা এস এম ওবায়দুল হক নাসির।
সোমবার, ১৬ মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্নাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা পরিষদ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের পর ১৯ আগস্ট পর্যন্ত টাঙ্গাইল জেলা পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক ছিল না। একই বছরের ১২ সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসক শরীফা হক জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে গত ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর এসএম ওবায়দুল হক নাসির বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে ১২টি উপজেলায় যতটুকু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। এছাড়াও বিএনপির ইশতেহার বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে যাব। তিনি তার কাজে সকলের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ঘাটাইলের বাসিন্দা এস এম ওবায়দুল হক নাসির বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন।
