
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে অনলাইনভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে নির্বাচন করা হয় এবং টাঙ্গাইলের বিশ্বাস বেতকার ট্রেনিং সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার, ২৪ জানুয়ারি সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের ট্রেনিং সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।
শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিনের সভাপতিত্বে এসময় শাহীন স্কুলের (ইংলিশ ভার্সন) প্রিন্সিপাল মিলন সরকার, শাহীন ইসলামিক স্কুলের মুহতামিম মুফতি মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এ উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন ও সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিন বলেন, ‘শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির বিকল্প নেই। আমরা বিশ্বাস করি শিক্ষক যখন প্রশিক্ষিত হন, তখন শিক্ষার্থীর শেখা সহজ, প্রাণবন্ত ও কার্যকর হয়।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও শিক্ষক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়ন, মেন্টরিং ও গবেষণাভিত্তিক কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই শিক্ষা উদ্যোগ আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।’
