
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষকরা টানা তিনদিনের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছে। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে পদোন্নতি ও বৈষম্য নিরসনসহ নানা দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এই কর্মসূচি পালন শুরু করে, যা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।
শহরের কুমুদিনী সরকারি কলেজে গিয়ে দেখা যায়, কর্মসূচিতে আন্দোলনকারীরা স্বতর্স্ফতভাবে তাদের কর্মসূচি পালন করছে। এতে অংশ নিচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও কুমুদিনী সরকারি কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক খান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কুমুদিনী সরকারি কলেজ শাখার সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুল আলম, কলেজ শাখার সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোয়াজ্জম হোসেন ভূঁইয়াসহ কুমুদিনী সরকারি কলেজের বিসিএস সাধারণ শিক্ষকরা।
এর আগে গত সোমবার ৯ অক্টোবর দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যাপক মোঃ শাহেদুল খবির চৌধুরী ও মহাসচিব মোঃ শওকত হোসেন মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে টানা তিন দিনের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
কর্মবিরতিতে দেশের সব সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি টিটি কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, সবগুলো শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), নায়েম, ব্যানবেইসসহ শিক্ষাসংশ্লিষ্ট সব দপ্তর ও অধিদপ্তরে কমর্রত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা ক্লাস-পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা এবং দাপ্তরিকসহ সব ধরনের কাজ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে কর্মবিরতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিনে পূর্বনির্ধারিত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে ক্লাস, অভ্যন্তরীণ পরীক্ষা, শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় সমূহের অধীনে ভর্তি, ফরম পূরণ, সকল ধরনের পরীক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা, এবং দাপ্তরিক সব কর্মকাণ্ড কর্মবিরতির আওতায় থাকবে।
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দাবির মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডসহ প্রয়োজনীয় পদসৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের জন্য বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস-১৯৮০ পরিপন্থি সব নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার, জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার পরিচালিত শিক্ষা প্রশাসন সৃষ্টি ও চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদান।
