
সময়তরঙ্গ ডেক্স: ফুটবলার গোপালপুরের কৃষ্ণা রাণী সরকার নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়েছেন।
মঙ্গলবার, ৮ আগস্ট সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পদক পাওয়ায় খুশি ফুটবলার কৃষ্ণা রানী সরকারের পরিবার ও এলাকার মানুষজন।
কৃষ্ণা রাণী সরকারের মা নমিতা রানী জানান, নারীদের সর্বোচ্চ সম্মাননা পদক পাওয়ায় পরিবারের সবাই আমরা গর্বিত।
পদক পাওয়ার সংবাদে উচ্ছ্বসিত কৃষ্ণা রাণী বাবা বাসুদেব সরকার বলেন, আমার মেয়ে আগেও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেযেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক মেয়ের সেরা প্রাপ্তি। কৃষ্ণা বারবার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে সবসময় এমন আশির্বাদ করি।
কৃষ্ণা রাণী সরকার বলেন, নারীদের জন্য সর্বোচ্চ পদক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রধানমন্ত্রী পদকের পাশাপাশি জাতীয় দলের সকল খেলোয়াড়কে এক লাখ করে টাকা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জানান, একটি মেয়ে আমাদের টাঙ্গাইলের সুনাম বয়ে এনেছে। আমরা কৃষ্ণাকে নিয়ে গর্ববোধ করি। কৃষ্ণা রানী সরকার এখন শুধু টাঙ্গাইলের গর্ব না পুরো দেশের গর্ব।
