
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলা বিকাশের দোকানে রিচার্জ কার্ড ফেলে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার, ৭ অক্টোবর সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি তার দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও একজন দোকানে প্রবেশ করেন। তিনি দোকানের মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখে সেগুলো কার—এমন প্রশ্ন করেন। তিনি জানান, একপর্যায়ে মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো দেখার জন্য দোকান মালিকসহ সেখানে থাকা ব্যক্তিরা নিচু হয়ে ঝুঁকে পড়েন। এ সুযোগে ওই ব্যক্তিরা ক্যাশে থাকা নগদ দেড় লাখ টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, প্রতারকদের গ্রেপ্তার ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
