মধুপুরে ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত

ইতিহাস ও ঐতিহ্য উৎসব দিবস মধুপুর সংগঠন

মধুপুর প্রতিনিধি: ‘আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে মধুপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন করেছে লালমাটির গড় এলাকার গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীরা।

 

রবিবার, ৯ আগস্ট সকালে ভুটিয়া উচ্চ বিদ্যালয়ে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় এ মৃ। সকাল ১০টায় পায়রা উড়িয়ে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দোখলা চত্বর প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।

 

আলোচনা সভায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র জনগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক। প্রধান আলোচক ছিলেন আদিবাসী লেখক ও গবেষক থিওফিল নকরেক। এছাড়া বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনযাত্রা, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, টিডব্লিউএর চেয়ারম্যান রঞ্জিত নকরেক, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্জিনা চিসিম ও নির্জন সিমসাং।

আলোচনা সভায় বক্তারা সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, মধুপুরসহ সমতল এলাকার গারো, কোচসহ আদিবাসীদের ভূমি সমস্যা দীর্ঘদিনের, যা দ্রুত নিরসন হওয়া প্রয়োজন।

পরে বৈচিত্র্যময় পোশাকে গারো আদি ঐতিহ্যের নৃত্য ও মান্দি গানে জমে ওঠে সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন গ্রামের দলভিত্তিক প্রতিযোগিতায় ফুটে ওঠে মনোমুগ্ধকর চিত্র। অনুষ্ঠানে মধুপুর গড় এলাকার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *